দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৩২ জন, চট্টগ্রামে ২৭৩ জন, সিলেটে ১৫২ জন, বরিশালে ১৩৯ জন, খুলনায় ১৩২ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহীতে ৩৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জন। সব মিলিয়ে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।
এ সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ২০ জনে দাঁড়িয়েছে। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২৯৩ জনে।
অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করা, শিশুদের নির্ধারিত টিকা সম্পন্ন করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।



