এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। আগে এর দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য নতুন এ মূল্য ঘোষণা করার প্রস্তুতি নেয়।
এদিকে মূল্যবৃদ্ধির প্রাক্কালে বাজারে এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, কয়েকটি এলপিজি অপারেটর সরবরাহ সীমিত করে বাজারে সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে।
এ অভিযোগের পর শনিবার সচিবালয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। সেখানে দেশে পর্যাপ্ত এলপিজি আমদানি হওয়ার পরও বাজারে সংকট ও অতিরিক্ত মূল্য আদায়ের কারণ জানতে চাওয়া হয় অপারেটরদের কাছে।
তবে অপারেটররা মজুত বা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে কারণে বাজার স্বাভাবিক রাখতে মূল্য সমন্বয় প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সরবরাহে সংকট দেখা দেয়। সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও অনেক জায়গায় ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু কোম্পানি আগেভাগে ট্যাংকারে এলপিজি মজুত করেছে বা সেপ্টেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরের কাছে এলপিজিবাহী জাহাজ অপেক্ষমাণ রেখেছে। এর ফলে সরবরাহচিত্র নিয়ে প্রশ্ন উঠেছে।
জ্বালানি খাতসংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং জাহাজ ভাড়ার ঊর্ধ্বগতির কারণে আমদানি ব্যয় বাড়লেও বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন। কারণ অতিরিক্ত মূল্য পরিশোধের চাপ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হচ্ছে।



