Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সাইবার পুলিশ ইউনিট’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে ইউনিটটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরিবর্তনশীল অপরাধের ধরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চিরাচরিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্স গড়ে তোলার লক্ষ্যেই এই ইউনিট গঠন করা হয়েছে। নতুন ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাংগঠনিক কাঠামো অনুযায়ী বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। থানা পর্যায়ে ওসির নেতৃত্বে সাইবার তদন্ত ও সেবা প্রদানের জন্য এসআই, এএসআই ও কনস্টেবল পদায়ন করা হবে। অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী ইউনিটের মোট জনবল হবে ৪ হাজার ৫৯২ জন।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন বিশেষায়িত পদে দক্ষ জনবল নিয়োগ করা হবে। তাদের জন্য আলাদা আকর্ষণীয় বেতন কাঠামোও থাকবে।

সাইবার পুলিশ ইউনিটের অধীনে সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। মানি লন্ডারিং, সোশ্যাল মিডিয়াভিত্তিক অপরাধ, গুজব, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক ও উগ্রবাদ মোকাবিলায় এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন ইউনিটের মাধ্যমে সাইবার স্পেসের অপব্যবহার রোধ এবং সকল প্রকার সাইবার অপরাধ সফলভাবে দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন