বিদেশি অপারেটরের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম
চলমান আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে।
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় এনসিটি পরিচালিত হবে
আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ১৫ বছর টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে
প্রকল্পের নাম: ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনার প্রস্তাব দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। শ্রমিক ও রাজনৈতিক সংগঠনগুলো শুরু থেকেই বিদেশি অপারেটরের হাতে এনসিটি দেওয়ার বিরোধিতা করে আসছে এবং ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কোন বিদেশি অপারেটরকে দায়িত্ব দেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি। তবে শুরু থেকেই দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল।



