জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, বিকেল ৪টা ৩০ মিনিটে স্পিকার সাংবাদিকদের ব্রিফ করবেন।
এদিকে স্পিকারের সংবাদ সম্মেলনের ঘোষণার আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদে উপস্থিত হয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র (এমসিএইচ-এফপি সেন্টার) ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। দলীয় সূত্রের দাবি, ওই ঘটনার প্রেক্ষাপটেই তার পদত্যাগের সিদ্ধান্ত আসে।
ঘটনার বিষয়ে সরকার ও বিএনপি উভয় পক্ষই তদন্তের কথা জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে বলেছিলেন, তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। সম্প্রতি ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরপর থেকেই তার দলীয় ও সংসদীয় পদ নিয়ে আলোচনা শুরু হয়। স্পিকারের জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোনো ঘোষণা আসে কি না, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।



