জামিন হয়নি এমপি গাজী নজরুলের, মুক্তি পেলেন স্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় বাদীপক্ষের সঙ্গে সমঝোতা হলেও তিনি জামিন পাননি। তবে নারী বিবেচনায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলার বাদী ও নিহত মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ হাজির হয়ে একটি হলফনামা দাখিল করেন। এতে তিনি জানান, কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিন পেলে তার কোনো আপত্তি নেই।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন। তবে নারী হিসেবে বিবেচনা করে মাকছুদা ইসলামকে জামিন প্রদান করা হয়।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে এবং আদালতে সে বিষয়ে হলফনামাও জমা দেওয়া হয়েছে। শুনানিতে বাদী নিজেও আসামিদের জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুটও জব্দ করা হয়।
ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। একই রাতে নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত সোমবার গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, তদন্তে মরিয়মের শারীরিক ও মানসিক নির্যাতনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।



