ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি: সিইসি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করেছে, একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও সে কার্যক্রম পরিচালিত হবে। নির্বাচনি পরিবেশ বর্তমানে ভালো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।
এরপর ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।



