সড়ক নিরাপত্তায় চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের জন্য ১২টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
পুলিশের পরামর্শ অনুযায়ী, মোটরসাইকেল চালক ও পেছনের আরোহী উভয়কেই অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। একই সঙ্গে মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুইজন চলাচল করতে পারবেন। অন্যদিকে গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকেও বিরত থাকতে হবে। এছাড়া নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকতে হবে। লেন পরিবর্তন কিংবা মোড় নেওয়ার আগে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করতে হবে এবং অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
কুয়াশা, বৃষ্টি বা অন্য প্রতিকূল আবহাওয়ায় ধীরগতিতে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যানজট বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য হারিয়ে আক্রমণাত্মক আচরণ না করারও আহ্বান জানানো হয়েছে।
পুলিশ আরও বলেছে, মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে কোনো যানবাহন চালানো যাবে না। মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ করতে হবে।
এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের প্রয়োজনীয় ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সড়কে নিজের, পরিবারের এবং অন্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব চালকের প্রতি এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।



