টানা ৪ দিন বৃষ্টির আভাস, হতে পারে অতি ভারি বর্ষণ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ এবং দমকা হাওয়ারও আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
শনিবার দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববারও বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, চলমান মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।



