বাসভাড়া বাড়তেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, নেই নতুন ভাড়ার তালিকা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম
ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ ও যাত্রাবাড়ী এলাকায় এমন চিত্র দেখা গেছে। অনেক বাসে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন না করায় যাত্রী ও পরিবহণকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে।
যাত্রীদের অভিযোগ, নতুন ভাড়ার নামে বিভিন্ন রুটে আগের তুলনায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। মিরপুর-১২ নম্বর এলাকার বাসিন্দা রেলওয়েত হোসেন জানান, সাগুফতা মোড় থেকে শাহআলী মার্কেট এলাকায় যেতে আগে ১০ টাকা ভাড়া দিলেও এখন ১৫ টাকা দিতে হচ্ছে। তবে বাসে কোনো নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি।
মিরপুরের ১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এবং কালশী এলাকাতেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা ভাড়ার তালিকা দেখতে চাইলে অনেক ক্ষেত্রে বাসকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে। মিরপুর থেকে গাজীপুরের কালিয়াকৈরগামী এক যাত্রী বলেন, কিছু পরিবহণে আগের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশি ভাড়া চাওয়া হচ্ছে।
শাহবাগ থেকে গাবতলী রুটের যাত্রী জুয়েল সিকদার অভিযোগ করেন, আগে ২০ টাকা ভাড়া দিলেও এখন তার কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে। একইভাবে আজিমপুর থেকে মিরপুরগামী শিক্ষার্থী হাবিবুর রহমান জানান, ১০ টাকার পরিবর্তে এখন ১৫ টাকা দিতে হচ্ছে। মোহাম্মদপুর-মতিঝিল রুটের নিয়মিত যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় যাত্রীরা জানান, কয়েকটি পরিবহণে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে কিছু পরিবহণ কর্তৃপক্ষ বলছে, তারা এখনো নতুন ভাড়ার তালিকা হাতে পায়নি। ফলে কোথাও আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
দূরপাল্লার বাসেও বেড়েছে ভাড়া
যাত্রাবাড়ীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালেও বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ঢাকা-কুয়াকাটা রুটে ভাড়া ২২০ টাকা থেকে ২৫০ টাকা, ঢাকা-নবীনগর রুটে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা এবং ঢাকা-পিরোজপুর রুটে ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা করা হয়েছে।
তবে সব পরিবহণে এখনো নতুন ভাড়া কার্যকর হয়নি। কয়েকটি কাউন্টার সূত্র জানিয়েছে, তারা আগের নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রি করছে।
নতুন ভাড়া কত
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। মিনিবাস এবং ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন বাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। মহানগর এলাকায় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
তদারকির অভাবে প্রশ্ন
ভাড়া বৃদ্ধি ঘোষণার সময় সরকার নির্ধারিত হারের বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। তবে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া তদারকিতে কোনো দৃশ্যমান অভিযান দেখা যায়নি। এ কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
যাত্রীদের দাবি, নতুন ভাড়ার তালিকা দ্রুত সব গণপরিবহণে টাঙানো এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা না হলে ভোগান্তি আরও বাড়বে।



