Logo
Logo
×

জাতীয়

সরকারি সব কমিটি পুনর্গঠনের নির্দেশ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

সরকারি সব কমিটি পুনর্গঠনের নির্দেশ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব সরকারি কমিটি পুনর্গঠন ও হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে।

এ বিষয়ে গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। চিঠিতে সরকারের বিভিন্ন স্তরে বিদ্যমান কমিটিগুলো পর্যালোচনা করে পুনর্গঠন ও হালনাগাদ করার কথা বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের (ডিসি) সভাপতিত্বে পরিচালিত ৯৮টি কমিটিও নতুন করে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা পর্যায়ে অসংখ্য কমিটি কাজ করছে। এসব কমিটির অনেকগুলো দীর্ঘদিন আগে গঠিত হয়েছে। আবার কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রমসংক্রান্ত তথ্যও সহজলভ্য নয়। ফলে বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠন এবং তথ্য হালনাগাদের প্রয়োজন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন সভা না হওয়া এবং কমিটির কার্যকারিতা কমে যাওয়ার বিষয়গুলো পুনর্গঠনের অন্যতম কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো কমিটিগুলোকে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কার্যক্রম আরও গতিশীল করা।

নির্দেশনায় বলা হয়েছে, পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক তাদের মনোনয়ন দেবেন। স্থানীয় অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত তালিকা অনুযায়ী, জেলা প্রশাসকদের নেতৃত্বে পরিচালিত ৯৮টি কমিটিও পুনর্গঠনের আওতায় আসবে। এসব কমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

সরকারি সূত্রগুলোর মতে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলে কেন্দ্র থেকে জেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন সরকারি কমিটির কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন