জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
প্রেস সচিব আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়। গণমাধ্যমের স্বাধীনতার সীমা নির্ধারণের এখতিয়ার আদালতের হাতে রয়েছে, সরকার বা জনগণের নয়।
তিনি তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার রোধে প্রতিটি গণমাধ্যমকে নিয়মিতভাবে তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেকিং’ কার্যক্রম চালুর আহ্বান জানান। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন।
দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, ভঙ্গুর প্রশাসনিক কাঠামো ও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঝুঁকি কাটিয়ে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।



