আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেশে-বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ও অর্থপাচার সংক্রান্ত নথি সরবরাহের অনুরোধ জানানো হয়।
দুদকের নথিতে উল্লেখ রয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, লকার, ঋণসহ বিভিন্ন আর্থিক পণ্যের তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে বিদেশে বিনিয়োগ ও ব্যাংক হিসাবের তথ্যও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের সঙ্গে আসিফ মাহমুদ বা তার সহযোগীদের সম্পৃক্ততা থাকতে পারে। এসব দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থপাচারের নতুন অভিযোগও অনুসন্ধানে যুক্ত করা হয়।



