একনেক সভায় ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী জানান, অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৭ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সর্বাধিক পাঁচটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৫ (সাউদার্ন রুট)
রাজশাহী জেলা মহাসড়ক উন্নয়ন
চট্টগ্রাম জেলা মহাসড়ক উন্নয়ন (৩য় পর্যায়)
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৫ (নর্দান রুট, সংশোধিত)
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-১ (সংশোধিত)
এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে— নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্রাকশন চালুকরণ এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (সংশোধিত)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বরিশাল সেনানিবাস স্থাপন (২য় পর্যায়) ও খুলনা নৌ অঞ্চলে আবাসন সুবিধা উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এছাড়া খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (সংশোধিত) এবং মনপুরা দ্বীপে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ (সংশোধিত) প্রকল্পও চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।
বৈঠকে আরও জানানো হয়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প পরিকল্পনামন্ত্রী নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, রেড ক্রিসেন্ট সদর দপ্তর নির্মাণ, ভাসানচরে গ্রিন বেল্ট প্রতিষ্ঠা, দেশি মুরগি গবেষণা ও উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, রংপুরে ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, আরডিএ ভবন সম্প্রসারণ, জালালাবাদ সেনানিবাসে অবকাঠামো উন্নয়ন, সিলেটে বন্যা পূর্বাভাসের জন্য ৩ডি মডেল প্রস্তুতকরণ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল-কলেজ উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদারকরণ, জেলা স্টেডিয়াম উন্নয়ন এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্প।



