ভারতে পলাতক আসামিদের ফেরত দেওয়া সম্পর্ক সহজীকরণের শর্ত: তথ্য উপদেষ্টা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে কার্যকর সম্পর্ক জোরদারের জন্য ভারত সরকারকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।
ডা. জাহেদ বলেন, “শেখ হাসিনাকেই চাইছি, তাহলে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।” তিনি অভিযোগ করেন, পলাতক আসামিরা বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত হানছে।
তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলের সকল অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। বিচার পাওয়ার স্বার্থে অভিযুক্ত যে কেউ আদালতে আসতে পারেন, কারণ বিচারব্যবস্থা এখন স্বাধীনভাবে কাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জাতীয় ও রাষ্ট্রপতি নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি স্বাধীন নয়; সরকারের সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সেখানে কোনো দলীয় প্রতীক থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর তথ্য সঠিক বলে নিশ্চিত করেন তিনি। নাগরিক সেবা নিশ্চিত করতে অফিসে ‘স্যার’ বলার বাধ্যবাধকতা না রাখার আহ্বান জানান। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।



