এসএসসি খাতা মূল্যায়নে গাফিলতি করলে শাস্তি: শিক্ষামন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এসএসসির খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। তাহলে প্রশ্ন ওঠে—এত কীভাবে বাড়লো? যারা খাতা সঠিকভাবে দেখেননি, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে এবং শাস্তি পেতে হবে।”
শিক্ষামন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, “আমরা দায়িত্ব নিয়েছি দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর অবস্থায়। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পাস করে বেকার না থাকে, সে জন্য বাজারের চাহিদা অনুযায়ী কোর্স চালু করতে হবে, ক্লাসরুম মনিটরিং বাড়াতে হবে এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
ল কলেজের বাড়তি ফি আদায়ের প্রসঙ্গে তিনি সমালোচনা করে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় কি আয় বাড়ানোর জন্য ফি দ্বিগুণ-তিনগুণ করবে? শিক্ষা মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা চলবে না। আমিও ট্রিগার টানতে জানি। সব সমস্যার সমাধান করবো।”
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



