২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ছাড়াল
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গে ৯৩৬ শিশুর প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকাতেই চারজন মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে ভর্তি রোগীর সংখ্যা:
ঢাকা বিভাগে ৪৮৪ জন
রাজশাহীতে ৩০ জন
সিলেটে ১৯৭ জন
চট্টগ্রামে ২৮১ জন
বরিশালে ১২৫ জন
ময়মনসিংহে ৮২ জন
খুলনায় ৯৮ জন
রংপুরে ১৯ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ সময়ে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২০১ জন।



