Logo
Logo
×

জাতীয়

কারিগরি ত্রুটি কাটিয়ে পুনরায় চালু আদানি বিদ্যুৎকেন্দ্রের বিকল ইউনিট

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম

কারিগরি ত্রুটি কাটিয়ে পুনরায় চালু আদানি বিদ্যুৎকেন্দ্রের বিকল ইউনিট

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৫টা ১৭ মিনিটে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট সফলভাবে চালু হয়। সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় সম্পন্ন হওয়ার কথা, এতে দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।

গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে কেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়। এর ফলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে বাংলাদেশে সরবরাহও হ্রাস পায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ইউনিটটি বিকল হওয়ার আগে গোড্ডা কেন্দ্র থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ নেমে আসে ৭৫০ মেগাওয়াটের নিচে। এতে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়ে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং তীব্র হয়।

বিপিডিবি জানিয়েছে, বয়লারের ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই মেরামত কাজ শুরু হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, ইউনিটটি সচল করতে অন্তত ৪৮ ঘণ্টা লাগবে। তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত শেষ হওয়ায় দ্রুত উৎপাদনে ফেরা সম্ভব হয়েছে।

গোড্ডা বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ খাতের অন্যতম বড় আমদানি উৎস। কেন্দ্রটির দুই ইউনিট থেকে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বিকল ইউনিট পুনরায় সচল হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ বাড়বে এবং চলমান লোডশেডিং কিছুটা কমবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন