গুলশানে আওয়ামী লীগের মিছিল, ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম
রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেফতারকৃত ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন মামলার সুষ্ঠু তদন্ত, মূল পরিকল্পনাকারী সনাক্ত, ষড়যন্ত্রকারী ও অর্থের যোগানদাতা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেফতারের প্রয়োজনীয়তা তুলে ধরে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ২৪ জনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আরাফাত নামে একজনকে শিশু হিসেবে দাবি করায় তার বিষয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) অধিকতর শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যরা সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশ করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং পুলিশের উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাঁচটি ককটেল জব্দ করে।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।



