জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান স্পিকারের
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ হলো তার জনসংখ্যা। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে এবং জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, উন্নয়ন শুধু অর্থনৈতিক পরিবর্তন নয়; মানুষের জীবনমানের উন্নয়নের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ-র কারিগরি সহায়তায় আয়োজিত ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইনডো: অ্যা পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পিকার বলেন, জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ ও দীর্ঘায়ু লভ্যাংশ একে অপরের সঙ্গে সম্পর্কিত। এগুলো কাজে লাগাতে নীতি প্রণয়ন, আইন সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নীতি বাস্তবায়নের আহ্বান জানান।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। তাদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে পারলে দেশকে আর পিছনে তাকাতে হবে না। তরুণদের দক্ষতা ও প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য, ইউএনএফপিএ ও এসপিসিপিডি প্রকল্পের প্রতিনিধি, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



