রাষ্ট্রপতির সঙ্গে ইরান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি ফেরদৌসি, শেখ সাদি, হাফিজ ও জালাল উদ্দিন রুমির মতো পারস্য কবিদের সাহিত্যকর্মের প্রভাবের কথা উল্লেখ করেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে ইরানের প্রতি মমত্ববোধের বিষয়টি স্মরণ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এ পরিস্থিতিতে আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ জ্বালানি সংকটে পড়েছে। তিনি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইরানে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং ইসরায়েলি হামলার নিন্দা জানান।
রাষ্ট্রপতি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। এসময় ইরানের রাষ্ট্রদূত ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দনপত্র হস্তান্তর করেন এবং বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইরান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন, তার দায়িত্বকাল দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।



