Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী

মেট্রোরেল। ছবি: সংগৃহীত

মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদ অধিবেশনে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটলও শনাক্ত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শেখ রবিউল আলম বলেন, সেফটি অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাডের সবগুলোকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়নি। এর মধ্যে ১৪৭টির ত্রুটি মাইনর এবং ২৯৭টির ত্রুটি মূলত স্থাপন ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। তবে ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে।

মন্ত্রী জানান, সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে। বিয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি বিয়ারিং প্যাডে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কর্মসূচি নেয়া হয়েছে।

৪৬টি পিয়ারে শনাক্ত ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। স্থাপনার কাঠামোগত ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণে ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে।

এদিকে চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে চিহ্নিত বিনিয়োগের সম্ভাবনাগুলো নানা কারণে যথাসময়ে বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন, বিনিয়োগ ও পর্যটন বিকাশে নতুন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা। প্রকল্পের নির্মাণ ও বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বিআরটিসির ১ হাজার ২৯৮টি বাস ও ৫২৫টি ট্রাক রয়েছে। এর মধ্যে সচল বাস ১ হাজার ১৭২টি এবং অচল ১২৬টি। সচল ট্রাক ৪৯৪টি এবং অচল ৩১টি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস (পিংক বাস) সার্ভিস চলছে। সারা দেশে এ সেবা সম্প্রসারণে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির কার্যক্রম চলছে।

সংরক্ষিত আসনের নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, দেশে নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ১৮২টি।

এ ছাড়া বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশে বস্ত্রের বার্ষিক চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নিট ও ওভেন কাপড়ের চাহিদা ৪০০ কোটি মিটার করে। নিট কাপড়ের ঘাটতি প্রায় ১০ শতাংশ এবং ওভেন কাপড়ের ঘাটতি ৬০ শতাংশ।

তিনি আরও জানান, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি পাটকল রয়েছে ২৬৬টি। এর মধ্যে চালু রয়েছে ১৯৩টি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন