Logo
Logo
×

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পায়োনিয়ার বেসের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সব কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পায়োনিয়ার বেসের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের স্থানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের বাইরে হওয়ায় এতে কেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার পর ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সম্পূর্ণভাবে নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি হতাহত হননি।

অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাবপত্র, নথিপত্র এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত নথিপত্রের পর্যাপ্ত বিকল্প সংরক্ষিত কপি প্রকল্প কর্তৃপক্ষের কাছে থাকায় তথ্য সংরক্ষণ ও প্রকল্পের কার্যক্রমে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।

প্রাথমিকভাবে বিভক্ত ধরনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভ্যন্তরীণ অংশের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

বিষয়টি তদন্তে প্রকল্পের অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে একটি অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন