সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পত্তির রেকর্ড পেল দুদক
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুন্মীলা জামানর যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে বাংলাদেশ যে সহায়তা চেয়েছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই তদন্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড পাঠানো হয়েছে।
দুদকের মানিলন্ডারিং-২ শাখার চিঠিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে পাঠানো Mutual Legal Assistance Request (MLAR) ২০২৫ সালের ১৯ মে দেশটির সেন্ট্রাল অথরিটি গ্রহণ করে। ওই আবেদনে তাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড এবং অপরাধলব্ধ সম্পদ জব্দের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল।
বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআই তদন্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড পাঠিয়েছে। এসব নথি একটি সিডিতে সংযুক্ত করে দুদকের কাছে এসেছে। তবে MLAR-এ চাওয়া সব তথ্য এখনো পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাকি রেকর্ড ও তথ্য পরবর্তী সময়ে পাঠানো হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তসংক্রান্ত অংশের দায়িত্ব পালন করছেন Trial Attorney Maria Lerner এবং International Affairs Specialist Hira Shahbaz। এ বিষয়ে পৃথক চিঠির মাধ্যমে জবাব দেওয়া হবে বলে দুদককে জানানো হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৩ শাখার চিঠির পর যুক্তরাষ্ট্র থেকে পাওয়া রেকর্ডপত্র তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক স্বার্থের তথ্য সংগ্রহে MLAR একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে কাজ করছে।



