এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকে ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের নামে থাকা শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারা লঙ্ঘন করে এ ধরনের আধিপত্য রোধে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
গত ৩০ আগস্ট বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. লুৎফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট পিটিশনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রুলে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(৩) ধারা অনুযায়ী উদ্বৃত্ত শেয়ার বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা ব্যাখ্যা দিতে হবে।
রিটটি দায়ের করেছিলেন ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার ‘ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো’ (আইইআরবি)। আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একক পরিবার বা গ্রুপ কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখতে পারে না। কিন্তু এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ইসলামী ব্যাংকের মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে ওই শেয়ার তিন মাসের জন্য ফ্রিজ বা অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রিটকারী পক্ষের দাবি, আইনে নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করার স্পষ্ট বিধান রয়েছে এবং বাংলাদেশ ব্যাংককে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।



