সনাতন ধর্মাবলম্বীরা আর কোনো দলের ভোট ব্যাংক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক—এই ধারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, তারা ভেবেছিল সনাতন ধর্মাবলম্বীরা একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংক। কিন্তু সচেতন জনগণ সেই মিথ ভেঙে দিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ যেন নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। ধর্ম নয়, নাগরিকত্বই হবে পরিচয়ের ভিত্তি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা নৃগোষ্ঠী—সবাই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন, কিন্তু জাতীয় পরিচয়ে সবাই বাংলাদেশি।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না—এ নীতিই সরকারের মূল অবস্থান।
ভাষার ব্যবহারে পরিবর্তনের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ নয়, বরং ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি’ শব্দটি ব্যবহার করা উচিত। ইতিবাচক চর্চাই সমাজকে আরও সুন্দর করবে।
মন্ত্রী বলেন, “আমাদের নেতা বলেছেন—সবার আগে বাংলাদেশ। তাই আমরা সবাই সবার আগে বাংলাদেশি। ধর্মীয় বা সামাজিক পরিচয় পরে আসবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ। উদ্বোধক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিজন কান্তি সরকার ও সংসদ সদস্য হামিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



