২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে স্লোগান নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চলতি দশকে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, পোশাকশিল্প বাংলাদেশের প্রথম প্রবৃদ্ধির গল্প তৈরি করেছে। এখন ইলেকট্রনিকস, ওষুধশিল্প, হালকা প্রকৌশল ও সবুজ শিল্পকে নতুন প্রবৃদ্ধির খাত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমরা এমন কারখানা চাই, যেগুলো কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে।”
ইআরএল সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপিসির পরিশোধন ক্ষমতা ১.৫ মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে ৪.৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং আমদানিকৃত পরিশোধিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে।
প্রধানমন্ত্রী বৈশ্বিক চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন অর্থায়নের ব্যয় বৃদ্ধি উন্নয়নশীল অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এসব মোকাবিলায় অংশীদারত্বকে তিনি অপরিহার্য বলে উল্লেখ করেন।
আইএসডিবির সঙ্গে নতুন ধরনের অংশীদারত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই সহযোগিতা হবে উদ্ভাবনী, ফলাফলভিত্তিক এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।



