Logo
Logo
×

জাতীয়

আসিফ ও তার সহযোগীদের দুর্নীতি ও অনিয়মের তথ্য চেয়ে দুদকের চিঠি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

আসিফ ও তার সহযোগীদের দুর্নীতি ও অনিয়মের তথ্য চেয়ে দুদকের চিঠি

অন্তর্বর্তী সরকার আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১ সেপ্টেম্বর দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালকের নির্দেশনার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর সংশ্লিষ্ট নথি ও তথ্য চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

দুদকের অনুসন্ধান দলের নেতৃত্বে রয়েছেন উপপরিচালক মো. জাহিদ কালাম। তার সঙ্গে রয়েছেন সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন ও রোমান উদ্দিন। তারা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দায়িত্ব পালনকালে হওয়া নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত নথি এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ফাইল সংগ্রহ করছেন।

অভিযোগ রয়েছে, কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতির নামে অর্থ আদায় করা হয়েছে। শুধু ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদায়নে প্রায় ৭৬ লাখ টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রেও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন-সংক্রান্ত দুর্নীতির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় চার কোটি ২৬ লাখ টাকা।

এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার ও কেনাকাটায় সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থ পাচার, অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুদক জানিয়েছে, এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন