নবম জাতীয় পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের মতো তারাও চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগের উপসচিব জামিলা শবনম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও জাতীয় বেতন স্কেলে বেতন-ভাতা পান, তাই তারাও নবম পে-স্কেলের আওতায় থাকছেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন কাঠামোয় বেতন পাবেন।
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
নতুন পে-স্কেল অনুযায়ী সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। এটি তিন ধাপে বাস্তবায়িত হবে—২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত। আর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতা কার্যকর হবে।



