২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৭৯
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ শিশু। সব মিলিয়ে এক দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯৯ জন। অর্থাৎ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন।
হামের উপসর্গে আক্রান্ত বিপুলসংখ্যক শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।



