স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সর্বশেষ তালিকায় ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। নতুন তালিকায় ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।
ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয় এবং ২৭ আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করা হয়। এরপর ২৮ আগস্টের মধ্যে সিদ্ধান্তগুলো তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসি জানিয়েছে, আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার বিষয়টি বিবেচনায় রয়েছে।



