স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না। আর কোনো মা বা স্ত্রীকে প্রিয়জনের জন্য চোখের পানি ফেলতে হবে না। রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গুম মানবতাবিরোধী অপরাধ। এটি শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, বরং তার পরিবার ও সমাজের শান্তি, স্বপ্ন ও মর্যাদাকে ধ্বংস করে। তিনি স্মরণ করেন বিএনপির নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমসহ অসংখ্য গুম হওয়া ব্যক্তিকে।
তিনি বলেন, বিগত দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের আমলে গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর ভয়াবহ থাবা বাংলাদেশে নেমে এসেছিল। ভিন্নমত প্রকাশকারীদের তুলে নিয়ে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে ১,৫৬৯টি ঘটনাকে গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২৮৭ জন নিখোঁজ বা মৃত।
রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গুম ও গণহত্যার বিচার চলছে। তিনি বলেন, শুধু অপরাধীদের শাস্তি নয়, গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষার দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু ভয়ের সংস্কৃতি থাকবে না। আইনশৃঙ্খলা থাকবে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থাকবে না। প্রতিটি গুমের ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে এবং ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে।”



