পুলিশে নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম
বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, পুলিশের জনবল সংকট দূর করতে সরকার নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। এসব পদ সৃজিত হলে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় জনবল বৃদ্ধি পাবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতিও রাজস্ব বাজেটের মাধ্যমে পূরণ করা হবে।
গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পুলিশ বিভাগের পাঠানো প্রস্তাব অনুযায়ী গ্রেড-১০ (নিরস্ত্র) পদে ৪ হাজার এসআই নিয়োগের বিষয়টি আলোচনায় আসে। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী জনবল সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াতে খুব শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।



