বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ১০ দিন ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি সক্রিয় অবস্থায় রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১০ দিন রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আধিক্য থাকতে পারে। এতে দিনে ও রাতে সার্বিক তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) থেকে রোববার (৩০ আগস্ট) পর্যন্ত দেশের আটটি বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এ সময় কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।



