১৫ মামলায় মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে মির্জা আব্বাসসহ ২১ জনকে আসামি করে পৃথক ১৫টি মামলা দায়ের করে। অভিযোগ ছিল, রাজউকের সাজানো দরপত্রে কারচুপি করে পরিত্যক্ত বাড়িগুলো পছন্দের ব্যক্তিদের বরাদ্দ দিয়ে সরকারের প্রায় ১২৭ কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
মির্জা আব্বাস ছাড়াও এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী ও মো. শহীদ আলমকে প্রত্যেক মামলায় আসামি করা হয়েছিল। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আকবর সোবহানসহ আরও কয়েকজনকে পৃথক মামলায় আসামি করা হয়। সবাই খালাস পেয়েছেন।
২০০৭ সালের ২৯ মার্চ মামলাগুলো দায়ের করা হয় এবং একই বছরের ২৫ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিচার চলাকালে ২৪ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।



