মাদক কারবারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) এবং ওয়াসিম (২৪) নামে দুজনকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। তাদের কাছ থেকে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার দিনগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এরপর তাদের তথ্য অনুযায়ী বিসমিল্লাহ পল্লীর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দক্ষিণখান থানার এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানিয়েছেন, এএসআই শফিকুল ইসলাম সেখানে অনিয়মিতভাবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেফতারের বিষয়টি তারা শুনেছেন।



