দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও পৌঁছাবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরবেন। সফরকে কেন্দ্র করে প্রশাসনিক, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সফরের বিস্তারিত সূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তীতে জানানো হবে।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। শপথের পর এটিই তার প্রথম জেলা সফরগুলোর একটি হিসেবে ঠাকুরগাঁও সফর হতে যাচ্ছে।



