জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এরপর তাঁর সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নয় দিনের সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও এগিয়ে চলছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালের মাধ্যমে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার বিষয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্র সফরের সময় সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



