বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখন থেকে তিনি বঙ্গভবনে বসবাস করবেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠা বাধ্যতামূলক। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
শপথের পর শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি।



