দ্বিতীয় কার্যদিবসেই গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি করল নতুন দুদক কমিশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার দ্বিতীয় কার্যদিবসেই অনুমোদনের অপেক্ষায় থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি করেছে। অনুসন্ধান ও তদন্তভিত্তিক একাধিক ফাইল পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, “আজকে অনেক কাজ করেছি, অনেক ফাইল অনুমোদন করেছি। আমাদের কাজে একদম স্বচ্ছতা থাকবে। আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো ব্যক্তিকে দেখব না।” তিনি আরও জানান, অনুমোদনের অপেক্ষায় থাকা অনেক ফাইল অনুমোদন হয়েছে এবং তদন্ত-অনুসন্ধানভিত্তিক ফাইলগুলোতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
তবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে এসব ফাইল এবং কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি চেয়ারম্যান। দুদক সূত্র জানায়, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার আগে বিপুলসংখ্যক অনুসন্ধান ও তদন্তসংক্রান্ত ফাইল নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে অনুসন্ধান শুরু, মামলা দায়েরের অনুমোদন, তদন্ত শেষে চার্জশিট দাখিলসহ বিভিন্ন বিষয়ে কমিশনের সিদ্ধান্ত প্রয়োজন ছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এসব ফাইল পর্যায়ক্রমে পর্যালোচনা শুরু হয়েছে।
দ্বিতীয় কার্যদিবসেই এসব ফাইলের একটি অংশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় থাকা ফাইলগুলো দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে বুধবার (১৯ আগস্ট) প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেন, কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং কোনো চাপের মধ্যে থাকবে না।
নতুন কমিশনের চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই অনুসন্ধান, তদন্ত ও মামলাসংক্রান্ত ফাইল পর্যালোচনার কাজ শুরু হয়েছে।



