ডিএসসিসি কর্মকর্তাদের উপস্থিতি যাচাইয়ে নগর ভবন আকস্মিক পরিদর্শন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না তা নিশ্চিত করতে নগর ভবন আকস্মিক পরিদর্শন করেছেন প্রশাসক মো. আবদুস সালাম। রোববার (১৬ আগস্ট) সকালে তিনি করপোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখা ঘুরে কর্মকর্তাদের উপস্থিতি যাচাই করেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, নয়তো ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না।
এ সময় তিনি বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান।



