নারীদের অনার্স পর্যন্ত শিক্ষার সব খরচ সরকার বহন করবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম
নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব খরচ সরকার বহন করবে এবং ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করেছিলেন। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করা হবে।”
তিনি আরও জানান, গরিব পরিবারের শিশুদের জন্য বছরে একবার স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে নতুন বইয়ের পাশাপাশি স্কুল ব্যাগ ও ড্রেস পৌঁছে দেওয়া হবে।
নারীদের স্বাবলম্বী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের নারী সমাজকে শিক্ষায় এগিয়ে নেওয়ার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, চার কোটি পরিবারের মধ্যে যে নারী সংসার পরিচালনা করেন, তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে এ কাজ শুরু হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।



