জাহাজে অতিরিক্ত বিষাক্ত গ্যাসের কারণেই ৯ শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। শিল্প সচিব আব্দুন নাসের খান জানিয়েছেন, বিষাক্ত এই গ্যাসের কারণেই দুর্ঘটনায় ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে শিল্প সচিব জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কমিটিতে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের কমিটিতে ৯ সদস্য এবং বিএসবিআরের কমিটিতে ৫ সদস্য রয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বিএসবিআরএ সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে, নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। শনিবার সকালে কয়েকজন নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়।



