শিক্ষকদের অবসরের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম
শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষকদের অবসরের টাকা পেতে কোনো ভোগান্তি থাকবে না, মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।” তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লুটপাট করে অবসরের দুটি বোর্ডকে অকার্যকর করে রেখেছিল। বর্তমানে বিশেষ ব্যবস্থায় শিক্ষকদের অবসর ভাতার অর্থ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদানে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা বকেয়া দূর করতে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হচ্ছে।
এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদানের অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ আরও অনেকে।



