নয়াদিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম
আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সফরটি মূলত দ্বিপক্ষীয় আলোচনাকেন্দ্রিক হবে। তবে নির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতেই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
এ ছাড়া সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থান ও তাকে ফেরত পাঠানোর অনুরোধ দুই দেশের সম্পর্কের বড় ইস্যু হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ বাড়ার ইঙ্গিতও মিলেছে।
গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এরপর ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ, পানি বণ্টন, বাণিজ্য ও সীমান্তসংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। ফলে চুক্তি নবায়ন আলোচনায় আসতে পারে।
ভারত ও বাংলাদেশের দীর্ঘ সীমান্ত এবং অর্থনৈতিক যোগাযোগের কারণে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হলে অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের শীর্ষ নেতৃত্বের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন। একইভাবে নরেন্দ্র মোদিও নতুন বাংলাদেশ সরকারের প্রতি ভারতের প্রত্যাশা স্পষ্টভাবে জানাতে পারবেন।



