বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এর ধারাবাহিকতায় আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি)।
চাঁদ দেখা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে। এসব তথ্য যাচাই-বাছাই করে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, আলেম-ওলামা ও মসজিদের ইমাম-খতিব উপস্থিত ছিলেন।



