সরকারের ১৮০ দিনের অগ্রগতি মূল্যায়ন শেষে জনগণের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সরকারের কার্যক্রমের অগ্রগতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তথ্য উপদেষ্টা জানান, রেলপথ সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামের নতুন ট্রেন চালু করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এবং দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য একই সুবিধা পাবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনে দেশের প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি বৃত্তাকার অর্থনীতি গড়ে উঠবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৭০ হাজার ৮৬১টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
সরকারের ১৮০ দিনের কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন কিনা—এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।



