জুলাই গণ-অভ্যুত্থানকালে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ ব্যাহত করতে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ কল রেকর্ড শুনানো হয়। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন। অন্য আসামিরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রকাশিত কল রেকর্ডে শোনা যায়, ওবায়দুল কাদের পলককে বলেন, “এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।” জবাবে পলক বলেন, “জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়াই নিই।” কাদের তখন বলেন, “নিয়া নাও।” এরপর পলক উত্তর দেন, “জি, আচ্ছা।”
এর আগে গত ৪ আগস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৬ আগস্ট দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষে ৯ আগস্ট তৃতীয় দিনের যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ এ কল রেকর্ড উপস্থাপন করে।



