আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির নেতা রুহুল কবীর রিজভী।
নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ইসি জানিয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসারে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভোটার তালিকাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।



