শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ তথ্য মন্ত্রণালয়ের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) এক তথ্য বিবরণীতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ইতোমধ্যে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। জুলাই–আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি হিসেবে দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার পাশাপাশি পূর্বে দেওয়া বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে পদক্ষেপ নিতে বলা হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সরকার জানিয়েছে, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা মেনে চললেও এখনও কিছু গণমাধ্যম দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে, যা উদ্বেগজনক। যারা প্রচার থেকে বিরত রয়েছে, তাদের ধন্যবাদ জানিয়েছে সরকার।
তথ্য মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, জাতীয় ঐক্য ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করবে।



